চৌকাঠ পেরিয়ে তেপান্তরে ___ অভিজিৎ কর্মকার
চৌকাঠ পেরিয়ে তেপান্তরে
___ অভিজিৎ কর্মকার
চিৎকার করতে হয় তো করো
কিন্তু বদ্ধ কলসীর ভিতর
মাথা ঢুকিয়ে নয়।
বারুদের ছড়ানো অলস বিষবাষ্পে
নাক ডুবিয়ে নয়!
যে বারুদের বিষ শতাব্দীর পর শতাব্দী
বয়ে চলেছে।
পারলে ; সে কলসী ভেঙে দাও
পারলে ; সে নাকও কেটে দাও!
অশনির ধ্বনিতে প্রাণকেন্দ্রে খঞ্জনি বেজে উঠুক ।
বেজে উঠুক ঢাক, ছাই এর ভিতর
ঘুমিয়ে থাকা দগ্ধ মমির কফিনেও।
চারিপাশের মতো তোমার রাস্তায়
ফুল ফুটুক আর ছাই না ফুটুক।
অন্যের ডানা কেটে নয়
নিজের ডানা মেলে শুধু উড়ে যাও একবার
একবার নিজের চৌকাঠ পেরিয়ে তেপান্তরে।
দেখবে শুধু নিজের উচ্চতা কেনো
পাহাড়ের উচ্চতাও মাপতে শিখে ফেলছ!
খোলা আকাশেরও দায়বদ্ধতা আছে
সেও জানুক।

Comments
Post a Comment